ট্রেডমার্ক লঙ্ঘন করেছে বাবা রামদেবের সংস্থা Patanjali। আর এই ট্রেডমার্ক লঙ্ঘনের মামলায় বাবা রামদেবের কোম্পানি Patanjali Ayurved Limited-কে 50 লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট৷ আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ অমান্য করায় এই নির্দেশ দেয় আদালত। Patanjali-র কর্পূর সংক্রান্ত পণ্য বিক্রি ও বিজ্ঞাপনে আদালত নিষিদ্ধ করেছিল। মঙ্গলম অর্গানিক লিমিটেডের আবেদনের শুনানি নিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পিটিশনে ওই সংস্থা দাবি করে, আদালতের নির্দেশ সত্ত্বেও নিজস্ব পণ্য বিক্রি করেছে পতঞ্জলি। পতঞ্জলির হলফনামা দেখার পর বিচারপতি রিয়াজ ছাগলা জানিয়েছেন, গত 2023 এর 30 আগস্ট, আদালতের আদেশ অমান্য করেছে পতঞ্জলি। তাই মুম্বই হাইকোর্টে 50 লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রিয়াজ ছাগলা। আগামী 19 জুলাই এই মামলার পরবর্তী শুনানের দিন ধার্য করা হয়েছে।
ইতিপূর্বে এ বিষয়ে আদালতে হলফনামা দাখিল করেছিলেন পতঞ্জলির ডিরেক্টর রজনীশ মিশ্র। পতঞ্জলির দেওয়া হলফনামা অনুসারে, আদালতের স্থগিতাদেশের পরে 49 লাখ 57 হাজার 861 টাকার কর্পূর পণ্য সরবরাহ করা হয়েছিল। সেই হলফনামায় তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং আদালতের নির্দেশ পালনের আশ্বাস দিয়েছেন। এর আগেও পতঞ্জলিকে মঙ্গলবার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
সেই হলফনামায়, 14টি পণ্যের বিজ্ঞাপন উত্তরাখণ্ড সরকার কর্তৃক স্থগিত করা কোম্পানির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে কিনা তার জবাব দিতে আদেশ দেয় সুপ্রিম কোর্ট। গত 15 এপ্রিল লাইসেন্সগুলি স্থগিত করেছিল উত্তরাখণ্ড রাজ্য লাইসেন্সিং কর্তৃপক্ষ। যদিও পরে তা পুনঃস্থাপন করা হয়।
Article By – আস্তিক ঘোষ






