Article By – আস্তিক ঘোষ

প্রকাশিত হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন। 2024 অর্থবর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে কর্মশক্তি প্রায় 11 শতাংশ হ্রাস পেয়েছে। অর্থাৎ 42,000 জন কর্মী ছাঁটাই করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ব্যয় দক্ষতার উপর ফোকাস করে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানি। 2024 অর্থবর্ষে রিলায়েন্সের মোট কর্মচারীর সংখ্যা 3,47,362 জন। 2023 অর্থবর্ষে সেই সংখ্যা ছিল 3,89,414। যা কিনা অনেকটাই কম। 2024 অর্থবর্ষে নতুন নিয়োগ এক তৃতীয়াংশেরও বেশি কমেছে। বিভিন্ন ব্যবসায় 1,71,116 জন নতুন কর্মী নিয়োগ করেছে রিলায়েন্স। কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে এই কথাই।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে,“রিলায়েন্স বিভিন্ন ব্যবসায় 1.71 লক্ষ নতুন কর্মী নিয়োগ করেছে, তার প্রত্যক্ষ কর্মী সংখ্যা প্রায় 3.48 লক্ষে প্রসারিত করেছে। এই প্রভাব কোম্পানির নিজস্ব কর্মচারীদের ছাড়িয়ে বাস্তুতন্ত্রের মধ্যে তৈরি অসংখ্য পরোক্ষ জীবিকার সুযোগ প্রসারিত করেছে“। রিলায়েন্সের 3,47,362 জন কর্মচারীর মধ্যে 74,317 জন মহিলা৷ নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে 41,092 জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে।
চলতি বছর 12,861 জনের বেশি প্রার্থীকে প্রশিক্ষণ দিয়েছে রিলায়েন্স রিটেল। 12,100 জনেরও বেশি ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে কোম্পানিতে। এর মধ্যে 61 শতাংশ গ্রামীণ এলাকা থেকে এবং 19 হলেন মহিলা। রিলায়েন্সের মোট কর্মশক্তির 21.4 শতাংশ মহিলা, এই আর্থিক বছরে মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরেছেন 98 জন কর্মী। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সামগ্রিক কর্মশক্তিতে, 53.9 30 বছরের কম বয়সীরা রয়েছেন। নতুন নিয়োগ করা কর্মীদের মধ্যে 30 বছরের কম বয়সী 81.8 শতাংশ এবং 24 শতাংশ মহিলা। যারা স্বেচ্ছায় চলে গেছে তাদের মধ্যে 74.9 শতাংশ হলেন 30 বছরের কম বয়সী এবং 22.7 শতাংশ মহিলা।





