Article By – আস্তিক ঘোষ

সবচেয়ে মূল্যবান পারিবারিক ব্যবসার তালিকায় প্রথম স্থানে আম্বানি পরিবার। হুরুন ইন্ডিয়ার তালিকায় দ্বিতীয়-তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বাজাজ এবং বিড়লা পরিবার। তবে গৌতম আদানির পরিবার জায়গা পেলেন না সেরা দশে! সবচেয়ে মূল্যবান পারিবারিক ব্যবসার তালিকা প্রকাশ করল 2024 বার্কলে প্রাইভেট ক্লায়েন্ট হুরুন ইন্ডিয়া। সেখানেই শীর্ষ স্থান অধিকার করা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিএমডি মুকেশ আম্বানির কোম্পানির আনুমানিক মূল্য 309 বিলিয়ন মার্কিন ডলার, যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় 25.75 লাখ কোটি টাকা। ভারতের জিডিপির প্রায় 10 শতাংশ রিলায়েন্স গ্রুপ।
হুরুন ইন্ডিয়ার তালিকাটি 2024 সালের 20 মার্চ পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। আম্বানি পরিবার এই তালিকায় সবচেয়ে ধনী, যার মোট সম্পদ 25,75,100 কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে নীরজ বাজাজের নেতৃত্বাধীন বাজাজ পরিবার। তাঁর মোট সম্পদের পরিমাণ 7,12,700 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে কুমার মঙ্গলম বিড়লা পরিবার, যার মোট সম্পদের পরিমাণ 5,38,500 কোটি টাকা। কিন্তু এই তালিকার শীর্ষ দশে জায়গা পেল না গৌতম আদানির পরিবার। প্রথম প্রজন্মের পারিবারিক ব্যবসা হওয়ার কারণে ব্রাত্য আদানি পরিবার।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “2024 বার্কলেস প্রাইভেট ক্লায়েন্ট হুরুন ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেসের অন্তর্ভুক্ত নয় প্রথম প্রজন্মের পরিবারগুলি। আমরা যদি প্রথম প্রজন্মের পরিবারগুলির কথা বলি, তাহলে আদানি পরিবার সবচেয়ে এগিয়ে রয়েছে। এই পরিবারটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের মধ্যে অবস্থান করছে, যাদের সমর্থন করে তাদের পরবর্তী প্রজন্ম।”
প্রথম 2024 বার্কলে প্রাইভেট ক্লায়েন্ট হুরুন ইন্ডিয়া সবচেয়ে মূল্যবান পারিবারিক ব্যবসার তালিকা প্রকাশ করেছে বার্কলেজ প্রাইভেট ক্লায়েন্ট এবং হুরুন ইন্ডিয়া। ভারতের সবচেয়ে মূল্যবান পারিবারিক ব্যবসাগুলিকে তাদের মোট সম্পদের উপর ভিত্তি করে স্থান দেওয়া হয় এই তালিকায়। মূলত পারিবারিক মালিকানাধীন ব্যবসাগুলির পরিবারের বংশধররা ব্যবসা পরিচালনায় বা বোর্ড সদস্য হিসাবে সক্রিয় ভূমিকা পালন করেন, তাঁরাই অন্তর্ভুক্ত হন এই তালিকায়।
2024 বার্কলেজ প্রাইভেট ক্লায়েন্ট হুরুন ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেসের তালিকাভুক্ত শীর্ষ 10টি সবচেয়ে মূল্যবান পারিবারিক ব্যবসার নিম্নরূপ:
1. আম্বানি পরিবার
2. বাজাজ পরিবার
3. কুমার মঙ্গলম বিড়লা পরিবার
4. জিন্দাল পরিবার
5. নাদার পরিবার
6. মাহিন্দ্রা পরিবার
7. দানি পরিবার, চোকসি পরিবার এবং ভাকিল পরিবার
8. প্রেমজি পরিবার
9. রাজীব সিং পরিবার
10. মুরুগাপ্পা পরিবার





