Article By – আস্তিক ঘোষ

একের পর রেল দুর্ঘটনার পর আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ট্রেনে যাত্রী নিরাপত্তা। তবে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে এবং যাত্রীদের সর্বোচ্চ আরামদায়ক যাত্রা সুনিশ্চিত করতে প্রস্তুত ভারতীয় রেল। ICF 3-ফেজ ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) রেক চালু করেছে পূর্ব রেলের হাওড়া বিভাগ। এর সঙ্গে অত্যাধুনিক MEDHA প্রপালশন সিস্টেম রয়েছে। রেকটি মহিলা যাত্রীদের জন্য জরুরি টক-ব্যাক ইউনিট (ইটিবিইউ) থাকছে, যা মহিলাদের অসুবিধা বা বিপদ সম্পর্কে রেলওয়ের কর্মকর্তাদের কাছে রিপোর্ট করতে সহায়তা করে।
গত 11 অগাস্ট চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) থেকে নতুন রেকটি পৌঁছেছে। ভারতীয় রেলওয়ের যাত্রী পরিসেবা এবং অপারেশনাল দক্ষতার উপর লক্ষ রেখে রেকটির বাস্তবায়ন নিঃসন্দেহে ভারতীয় রেলের উল্লেখযোগ্য মাইলফলক। গত 4 সেপ্টেম্বর ট্রেন নম্বর 37542 ব্যান্ডেল-নৈহাটি লোকাল থেকে যাত্রী পরিষেবার শুভ উদ্বোধন করা হয়।
উন্নত নজরদারির পাশাপশি যোগাযোগ ব্যবস্থার মতো বৈশিষ্ট্যগুলিকে উন্নত করা হয়েছে এই নতুন রেকে। প্রতিটি কোচে নজরদারি ক্যামেরা, একটি প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (পিআইএস) এবং একটি পুশ সুইচ টাইপ অ্যালার্ম চেইন পুল (এসিপি) সিস্টেম রয়েছে। রেকের কোচ এবং যাত্রীর আসন স্টেইনলেস স্টিলের তৈরি। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে, এটি যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করবে। একই সঙ্গে মিলবে জরুরি সহায়তাও।
নতুন রেকে এমন সিস্টেম ইনস্টল করা আছে, যা ত্রুটি এবং ব্যর্থতাগুলিকে আরও ভালভাবে বুঝতে সহায়তা করবে। রেকটিতে প্যান্টোগ্রাফ ক্যামেরা, ক্যাব ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, সাইড ক্যামেরা, লাইভ মনিটরিং এবং রিয়েল-টাইম ত্রুটি নির্ণয়ের সুবিধার জন্য একটি সিসিটিভি মনিটর রয়েছে। মহিলাদের নিরাপত্তাজনিত যে কোনো বিষয়ে যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলায় মহিলা কোচগুলিতে ETBU লাগানো হয়েছে৷ এতে রেক রোলব্যাক প্রোটেকশন সিস্টেম, ফায়ার ডিটেকশন সিস্টেম, প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট (পিএ) সিস্টেম এবং ক্যাব এসি-র মতো ফিচার্সও রয়েছে। রেকটি পরিবেশ বান্ধব। পাইলট প্রকল্প হিসাবে এই রেক চালু করেছে জোনাল রেলওয়ে।





