Article By – সুনন্দা সেন

সময়ের সাথে দেশীয় বাজারের খাদ্যপণ্যের বাড়তে থাকা মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে আলু, পিঁয়াজ সহ একাধিক শাক সবজির দাম আকাশ ছোঁয়া। এমনকি ডালের দামও সময়ের সাথে কমার বদলে পাল্লা দিয়ে বাড়ছে। যার প্রভাবে জনগণ পকেটে অতিরিক্ত চাপ অনুভব করছেন, বিশেষ করে মধ্যবিত্তরা। খাদ্যপণ্য ও শষ্যের দামের জন্য সৃষ্ট চাপ দেশীয় বাজারে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করেছে। সম্প্রতিক কালে ছোলার ডালের দাম আরও একধাপ সাধারণ জনগণের চিন্তা বাড়িয়ে দিল।
বাজার বিশ্লেষক ও কৃষি মন্ত্রণালয়ের আশঙ্কা গত এক মাসে ছোলার ডালের দামের প্রায় ১০% বৃদ্ধি লক্ষ্য করা গেছে, আগামীতে আরও বাড়তে পারে। ছোলার ডাল ভারতে তুলনামুলক ভাবে বেশি ব্যবহার হয় যে কারণে চাহিদা বেশি। তা শর্তেও কমছে না ডালের দাম। উৎসবের মরশুমে উচ্চ চাহিদা ও লাগাতার বাড়তে থাকা ডালের দাম স্বাভাবিক ভাবেই কপালে ভাঁজ ফেলতে বাধ্য করছে ক্রেতাদের। অবশ্য সূত্র বলছে অন্যদিকে আবার জুলাই মাসে অড়হর ডালের দাম ৫% কমে গিয়েছে। যে কারণে একটু হলেও ক্রেতাদের স্বস্তি পাওয়ার কথা থাকলেও ছোলার ডালের উচ্চ দাম তা অনুভব করার সুযোগ দেয়নি।
২০২৪ সালের এই সময় অব্দি ৪.২% ছোলার ডাল উৎপাদন বেড়েছে। কারণ ছোলার ডালের চাহিদা বাড়ার সাথে উৎপাদন বাড়ানোর চেষ্টায় রয়েছে কৃষকরা। তবে ইন্ডিয়ান পালসেস অ্যান্ড গ্রেনস অ্যাসোসিয়েশন (IPGA) জানিয়েছে যে উৎসবের মরশুমের স্থিতিশীল চাহিদা, উৎপাদন হলেও স্থানীয় বাজারে ডালের সরবরাহে হ্রাস, সরকারের কাছে সীমিত ডালের মজুত এবং মজুতকারকদের মধ্যে বিক্রির কম আগ্রহ থাকার কারণে বাজারে ছোলার ডালের দাম সহজে কমবে না।





