অবসর জীবনের সঞ্চয়ের জন্য ভারত সরকারের ন্যাশনাল পেনশন স্কিম অন্যতম উল্ল্যেখযোগ্য একটি বিনিয়োগ বিকল্প। এনপিএস-এ এতদিন পর্যন্ত বিনিয়োগকারীরা অ্যাক্টিভ ও অটো চয়েসের মাধ্যমে অ্যাসেট অ্যালোকেশনের সুযোগ পেতেন। এবার স্কিমটি সাবস্ক্রাইবারদের জন্য নতুন একটি ইনভেস্টমেন্ট অপশন এনেছে। PFRDA অর্থাৎ Pension Fund Regulatory and Development Authority-র নতুন এই ফান্ডটির নাম ‘Balanced Life Cycle Fund’। এই নতুন ফান্ডটিতে সমস্ত বেসরকারি সংস্থার গ্রাহকরা বিনিয়োগের সুযোগ পাবেন। ২০২৪ সালের ১ অক্টোবরের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই বিকল্পটি সম্পর্কে জানানো হয়। এই আলোচনায় আমরা এই নতুন বিনিয়োগ বিকল্পটি সম্পর্কে জেনে নেব এবং দেখব এটির গুরুত্ব কতটুকু।
ইক্যুইটি, কর্পোরেট ডেট এবং গভর্নমেন্ট সিকিউরিটি— এই তিন ধরনের অ্যাসেট ক্লাসের মধ্যে auto-rebalancing করে Balanced Life Cycle Fund। বিনিয়োগকারীর বয়স এবং ঝুঁকি অনুযায়ী rebalancing করে এই ফান্ডটি। এই ফান্ডে ইক্যুইটিতে সর্বাধিক অ্যালোকেশন 50%, এবং ৪৫ বছর বয়স পর্যন্ত এনপিএস গ্রাহকেরা এই 50% অ্যালোকেশন পেতে পারেন। কর্পোরেট ডেটের অ্যালোকেশন 30% এবং গভর্নমেন্ট সিকিউরিটি 20%। ৪৫ বছরের পর থেকে ইক্যুইটি অ্যালোকেশন ধীরে ধীরে কমতে থাকে এবং ৫৫ বছর বয়সে সর্বাধিক ইক্যুইটি অ্যালোকেশন 35% রাখা হয়। এই ফান্ডে সবচেয়ে সুরক্ষিত অ্যাসেট ‘গভর্নমেন্ট সিকিউরিটি’-র সর্বাধিক অ্যালোকেশন রয়েছে 55% এবং বয়স বৃদ্ধির সাথে সাথে কর্পোরেট ডেটের অ্যালোকেশন কমিয়ে ৫৫ বছরে গিয়ে সর্বাধিক 10% রাখা হয়েছে। এইরকম ব্যালান্সড অ্যালোকেশনের কারণ হল যখন অবসরের সময় এগিয়ে আসবে তখন যেন বাজারের অস্থিরতা থেকে মোট বিনিয়োগটি সুরক্ষিত থাকে।
ব্যালান্সড লাইফ সাইকেল ফান্ড
| বয়স | অ্যাসেট ক্লাস E | অ্যাসেট ক্লাস C | অ্যাসেট ক্লাস G |
| ৪৫ বছর পর্যন্ত | 50% | 30% | 20% |
| ৪৬ বছর | 48% | 28% | 24% |
| ৪৭ বছর | 46% | 26% | 28% |
| ৪৮ বছর | 44% | 24% | 32% |
| ৪৯ বছর | 42% | 22% | 36% |
| ৫০ বছর | 40% | 20% | 40% |
| ৫১ বছর | 39% | 18% | 43% |
| ৫২ বছর | 38% | 16% | 46% |
| ৫৩ বছর | 37% | 14% | 49% |
| ৫৪ বছর | 36% | 12% | 52% |
| ৫৫ বছর ও তার অধিক | 35% | 10% | 55% |
এই ফান্ডের গুরুত্ব :
এনপিএস-এ ইতিমধ্যে অ্যাক্টিভ ও অটো চয়েস অপশন রয়েছে। অ্যাক্টিভ চয়েসে বিনিয়োগকারীরা নিজেদের পছন্দমতো অ্যাসেটে নিজেদের চাহিদা অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। ৫০ বছর বয়স পর্যন্ত এই ফান্ডে ইক্যুইটি এক্সপোজার সর্বাধিক রয়েছে 75%। এরপর ইক্যুইটি এক্সপোজার কমতে থাকে এবং ৬০ বছর বয়সে পৌঁছে সর্বাধিক এক্সপোজার হয় 50%। বাকি অর্থ গভর্নমেন্ট সিকিউরিটি, কর্পোরেট বন্ড এবং অল্টারনেট অ্যাসেটে বিনিয়োগ করা যাবে। যদিও অল্টারনেটিভ অ্যাসেটে সর্বাধিক 5% অ্যালোকেট করা যাবে।
এছাড়া অটো চয়েস নামের বিকল্প রয়েছে যেটি লাইফ সাইকেল ফান্ড নামেও পরিচিত। এর অধীনে ৩ ধরনের বিনিয়োগ বিকল্প আছে LC 75 অর্থাৎ Aggressive Life Cycle Fund, LC 50 অর্থাৎ Moderate Life Cycle Fund এবং LC 25 অর্থাৎ Conservative Life Cycle Fund। Aggressive Life Cycle Fund-এ সর্বাধিক অ্যালোকেশন 75% পর্যন্ত হতে পারে, তবে কেবলমাত্র ৩৫ বছর বয়স পর্যন্ত এই এক্সপোজার পাওয়া যাবে এবং ৪৫ বছর বয়সে গিয়ে ইক্যুইটি এক্সপোজার কমে সর্বাধিক 35% রাখা হয়েছে, যেটা নতুন চালু হওয়া ব্যালান্সড লাইফ সাইকেল ফান্ডের ক্ষেত্রে 50% রয়েছে। ফলে নতুন এই ব্যালান্সড লাইফ সাইকেল ফান্ড aggressive ও moderate lifecycle fund-এর মাঝামাঝি একটি জায়গায় থাকছে। অনেক অল্প বয়সি এনপিএস বিনিয়োগকারীরা মনে করতেন বর্তমানের অটো চয়েস বিকল্পগুলিতে সর্বাধিক ইক্যুইটি এক্সপোজার অনেক কম রয়েছে। সেই কারণে নতুন এই ফান্ডটি তাঁদের এই সমস্যা দুর করবে। কারণ ইক্যুইটি এক্সপোজার বেশি হলে দীর্ঘমেয়াদে রিটার্নও বেশি হবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ঝুঁকি ও দামের অস্থিরতা মেনে নিতে হবে। অন্যদিকে কম ঝুঁকিতে অভ্যস্ত বিনিয়োগকারীদের জন্য ডেট ও গভর্নমেন্ট সিকিউরিটির অ্যালোকেশন ভালো বিকল্প হবে।
কিন্তু আপনি কোন বিকল্পটি বেছে নেবেন সেটি আপনার ওপর নির্ভর করবে। এ কথা সত্যি যে অ্যাক্টিভ চয়েস অনুযায়ী অ্যালোকেশন করলে বেশি রিটার্নের সুযোগ থাকে ফলে অবসরের জমানো অর্থ অনেক বেশি হয়। ব্যালান্সড লাইফ সাইকেল ফান্ডে ইক্যুইটি এক্সপোজার বয়সের সাথে সাথে কমে আসবে, ৪৫ বছরে সর্বাধিক এক্সপোজার 50%, সেখানে অ্যাক্টিভ চয়েসে সেটি সর্বাধিক 75%। ফলে 25%-এর পার্থক্য রিটার্নে বড়সড় প্রভাব ফেলতে পারে। কিন্তু আপনি কতটুকু এক্সপোজারে স্বচ্ছন্দ সেটি আপনার বয়স ও ঝুঁকি অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।





